ধানমন্ডি মিটআপের ঘোষণা দিয়ে শেষ মিরপুর ই-কমার্স সেলার মিটআপ

২৬ আগষ্ট, ২০২২ ১৫:১৯  
দক্ষতা উন্নয়ন এবং সম্মিলিত ভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় ই-কমার্স প্লাটফর্মে নিজেদের অবস্থান সুসংহত করতে রাজধানীর মিরপুর ১১ এর বনলতা ফুডপ্যালেসে অনুষ্ঠিত হলো ই-কমার্স সেলার মিটআপ। ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের ব্যানারে অনলাইনে পণ্য ও সেবা সোর্সিং করা দেড় শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মিলনে মার্কেটপ্লেসের সাথে সেলারদের কাজ করার ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে। বিশেষ করে দারাজ ও অন্যান্য মার্কেটপ্লেসের প্রতি সেলাররা তাদের দাবী ও প্রত্যাশা তুলে ধরেন। শক্তিশালী কমিউনিটি গঠনের মাধ্যমে সেলারদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেন বক্তারা। অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিডি এক্সক্লুসিভ সিইও ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশমাটি প্রতিষ্ঠাতা মাহমুদুল হক মাসুদ। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও আয়নাঘর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুনসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অনলাইন ব্যবসায় নিবন্ধনে সদ্য চালু হওয়া ডিজিটাল বিজনেস আইডি (DBID) কীভাবে করতে হবে এবং এর সুবিধাবলি ও টিন, বিনসহ ব্যবসার বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করেন দপ্তরি ডটকমের প্রতিষ্ঠাতা এবং হেড অব মার্কেটিং মুহাম্মাদ রনি। অনুষ্ঠানের শেষে সেলারদের নানা প্রশ্নের উত্তর দেয়া হয়। এই সেলার মিটআপের টাইটেল স্পন্সর পিএম ওয়ান এবং সহযোগী স্পন্সর দেশিফাই, নিউশপ বিডি, গুড চয়েজ, মদিনা ফ্যাশন, আপডেট ফ্যাশন, পন্য বাজার এবং কাট প্রাইস বিডি। এর আগে মুহাম্মাদপুরে একই ধরনের মিটআপ করে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন। আগামী মিটআপ হবে ধানমন্ডিতে।